ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গোয়ালন্দে কৃষক দলের কমিটি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পদবঞ্চিত নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে এনে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এ অভিযোগ তুলে কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় দৌলতদিয়া মাছ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন সরদার। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারা দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় নির্যাতন, হামলা-মামলা ও কারাবরণের মতো পরিস্থিতিরও মুখোমুখি হয়েছেন।


লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অতীতে কৃষক দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। বরং তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুবের মাধ্যমে অর্থের বিনিময়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।


সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতারা দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের বর্তমান কমিটি বাতিল, উপজেলা সভাপতি ও জেলা আহ্বায়কের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তারা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি তদন্তের আহ্বান জানান।


অভিযোগের বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক বলেন, সংগঠনের স্বার্থ বিবেচনায় যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তিনি দাবি করেন, অভিযোগকারীরা প্রত্যাশিত পদ না পাওয়ায় অসন্তুষ্ট হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।


 এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুবের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page